রাজধানীর সায়দাবাদে চলন্ত বাস থেকে পড়ে নাঈম হাওলাদার (৩০) নামে এক হেলপার মারা গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে সায়দাবাদ জনপদ মোড়ে ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকাল ৪টার দিকে মৃত ঘোষনা করেন। নিহত নাঈম ইউনিক বাসের হেলপার ছিলেন। তিনি পটুয়াখালী জেলার কলাপাড়া থানার পাখিমারা গ্রামের বাসিন্দা।
হাসপাতালে ইউনিক বাসের সুপারভাইজর মোঃ জাহিদুল ইসলাম বলেন, বিকালে সায়দাবাদ থেকে যাত্রী নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হই। সায়দাবাদ জনপদ মোড়ে আসলে নাঈদ বাসের দরজার পাশ থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ি থানা পুলিশ তদন্ত করছে।
এসএফ