রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ছয় পর্যটককে আটক করেছে পুলিশ।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুর ১টার দিকে সাজেক যাওয়ার পথে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. ফারদিন এহমান হৃদয় (২৪) ও মোহাম্মদ ইয়াসিন (৩২); হবিগঞ্জ জেলার সুশান্ত পাল (২৩), হারুন ইসলাম তুষার (২৬) ও রিয়াজ উদ্দিন (২৩); এবং পটুয়াখালী জেলার সাইফুল ইসলাম (২৭)।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, ‘সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটের দিকে সাজেক যাওয়ার পথে বাঘাইহাট বাজার অতিক্রম করার সময় তারা “জয় বাংলা”, “জয় বঙ্গবন্ধু” এবং “শেখ হাসিনার সরকার, বারবার দরকার” স্লোগান দেন। পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানালে দুপুর ১টার দিকে তাদের পথরোধ করে আটক করা হয়। পরবর্তীতে তারা নিজেরাই স্লোগান দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেননি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এসআই/আরএন