ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা দুটি মাহেন্দ্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলার ত্রিশাল উপজেলার বৈলর কাজির শিমলা নজরুল উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের কারও পরিচয় জানা যায়নি।
তবে আহতদের মধ্যে একজন সিএনজিচালিত অটোরিকশাচালক, দুজন মাহেন্দ্রচালক, চারজন অটোরিকশার যাত্রী ও দুজন মাহেন্দ্রযাত্রী রয়েছেন বলে জানা গেছে।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহম্মেদ জানান, ইউনাইটেড পরিবহনের ময়মনসিংহগামী একটি বাস ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নম্বরবিহীন দুটি মাহেন্দ্র এবং ময়মনসিংহগামী নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় বাসটি পার্শ্ববর্তী আইডিয়াল হাই স্কুলের বাউন্ডারি দেয়াল ভেঙে কাত হয়ে পড়ে যায়।
এ ঘটনায় দুজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হন। বাসচালক দ্রুত দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএফ