রাজধানীর মোহাম্মদপুরে এক মুদি ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
গুরুতর আহত অবস্থায় খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পৌনে আটটার দিকে সাদেক খান রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম মো. হৃদয় মিয়া (২৫)। তিনি ধানমন্ডির শংকর এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।
হৃদয়ের বন্ধু মোহাম্মদ বিপ্লবের ভাষ্য, সকালে মোটরসাইকেল নিয়ে কৃষি মার্কেটে মালামাল আনতে যাচ্ছিলেন হৃদয়। সাদেক খান রোডে পৌঁছানোর পর অন্তত পাঁচজন ব্যক্তি তার পথ আটকে দেন। একপর্যায়ে তারা চাপাতি দিয়ে হৃদয়ের পিঠ ও কোমরে আঘাত করেন।
পরে তার সঙ্গে থাকা ২০ হাজার টাকা ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহত ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এসএস