রাঙামাটির কাপ্তাইয়ে ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. জনি (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টার দিকে কাপ্তাই থানাধীন ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) ২ নম্বর গেটের সামনে ডুলুছড়ি নৌঘাটে যাওয়ার পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার এসআই সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ডুলুছড়ি নৌঘাটের দিকে যাওয়ার পথে মো. জনিকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে স্যালাইন ব্যাগভর্তি ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেফতার মো. জনি রাঙামাটি পার্বত্য জেলার চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের ডুলুছড়ি ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মৃত আবুল কাশেম এবং মায়ের নাম রওশনারা বেগম।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান রুবেল জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে এর আগে মাদকসংক্রান্ত ১০টি মামলা রয়েছে।
তিনি বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে এবং শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
কেএইচ/আরএন