সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপ ও দৃঢ় অবস্থানের কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) দায়িত্বপূর্ণ খুরমী বিওপির দক্ষিণ দিকে আনুমানিক সাড়ে ৩ কিলোমিটার দূরে কালিন্দী নদীর মধ্যবর্তী চর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানটি ‘বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট’ নামে পরিচিত।
বিজিবি জানায়, ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিডবোটে করে অজ্ঞাত ১০-১২ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন।
বিষয়টি খুরমী বিওপির টহল দলের নজরে আসার সঙ্গে সঙ্গে বিজিবি সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং তাদের বাংলাদেশে প্রবেশে সরাসরি বাধা দেন।
বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হন। পরে আনুমানিক সকাল ১১টার দিকে তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক সীমান্ত নীতিমালা ও প্রচলিত দ্বিপক্ষীয় সমঝোতা লঙ্ঘন করে যেকোনো ধরনের পুশ-ইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে।
দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
এমজেডআর/আরএন