ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচে ভারতের মুখোমুখি হতে দল ঘোষণা করেছে জাপান। আগামী ২২ সেপ্টেম্বর সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ও বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ভারতের বিপক্ষে মাঠে নামবে জাপান। দলটির নেতৃত্ব দেবেন কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং।
আইসিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত জাপানের দলটি মূলত তাদের ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের দল। ভারত ম্যাচের দুই দিন পর, ২৪ সেপ্টেম্বর নাগোয়ায় শুরু হবে জাপানের এশিয়ান গেমস অভিযান।
জাপানের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিংয়ের সঙ্গে দলে রয়েছেন ইব্রাহিম তাকাহাশি ও ডেকলান সুজুকি-ম্যাককম্ব। এ তিনজনই জাপানের হয়ে ৫০টির বেশি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
দলে জায়গা করে নিয়েছেন উদীয়মান স্পিন বোলিং অলরাউন্ডার জেক কুসুদা-নাইর্ন। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের সুবাদে তিনি দলে ডাক পেয়েছেন। দীর্ঘদিন পর জাপানের দলে ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার সুয়োশি তাকাদা। ২০১৩ সালে আইসিসি ইস্ট এশিয়া-প্যাসিফিক টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে প্রথমবার জাপানের হয়ে খেলেছিলেন তিনি।
দলে রয়েছেন জাপানের ক্রিকেট-বুকাতসু (স্কুলভিত্তিক ক্রিকেট) কার্যক্রমের দুই ক্রিকেটার ওয়াতারু মিয়াউচি ও মাকোতো তানিয়ামা। লেগ স্পিনার তানিয়ামা অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্নের ভিডিও দেখে নিজের বোলিং অ্যাকশন তৈরি করেন। নিজের আদর্শ ওয়ার্নের স্মরণে ২৩ নম্বর জার্সি পরেন তিনি। জাপানের ক্রিকেটের পথপরিক্রমা ও আন্তর্জাতিক পর্যায় মিলিয়ে তিনিই দলের সর্বোচ্চ উইকেটশিকারি।
জাপানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের সদস্য চার্লি হারা-হিনজেকেও রাখা হয়েছে স্কোয়াডে। তানজানিয়ার বিপক্ষে জাপানের ঐতিহাসিক জয়ের ম্যাচেও ছিলেন তিনি। হাতের চোটের কারণে ইস্ট এশিয়া-প্যাসিফিক টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৮-এর সাব-রিজিওনাল বাছাইপর্বে খেলতে না পারা স্পিনার বেঞ্জামিন ইতো-ডেভিসও ফিরেছেন।
ওই বাছাইপর্বে দ্বিতীয় হয়েছিল জাপান। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাওয়ার দৌড়ে এখনও টিকে আছে তারা। পাপুয়া নিউগিনির সঙ্গে সমান পয়েন্টে থাকলেও নেট রানরেটে পিছিয়ে জাপান। যদিও শেষ ম্যাচে ব্যারামুন্ডিসদের হারিয়েছিল তারা।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে ১৯ ও ২০ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে জাপান। এরপর ২৪ সেপ্টেম্বর আফগানিস্তান ও ২৬ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে এশিয়ান গেমসের ম্যাচ খেলবে তারা। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে গ্রুপের শীর্ষ দুই দলের মধ্যে থাকতে হবে জাপানকে।
ভারতের দল
ঐতিহাসিক এই ম্যাচে ভারতের নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার। দলে রয়েছেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, শিবম দুবে, তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, জাসপ্রিত বুমরাহ, হর্ষিত রানা, আর্শদীপ সিং ও বৈভব সূর্যবংশী।
জাপানের দল
কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং (অধিনায়ক), চার্লি হারা-হিনজে, বেঞ্জামিন ইতো-ডেভিস, অ্যালেস্টার কাদোওয়াকি-ফ্লেমিং, কোহেই কুবোতা, জেক কুসুদা-নাইর্ন, ওয়াতারু মিয়াউচি (উইকেটকিপার), রেও সাকুরানো-থমাস, অ্যালেক্স শিরাই-প্যাটমোর (উইকেটকিপার), শোমা সুগায়া-স্লেটার, ডেকলান সুজুকি-ম্যাককম্ব, সুয়োশি তাকাদা, ইব্রাহিম তাকাহাশি, মাকোতো তানিয়ামা ও লাচলান ইয়ামামোতো-লেক।
এসএফ