অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে একসঙ্গে পাঁচ আইন কর্মকর্তার পদত্যাগের ঘটনা ঘটেছে।
সোমবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞাসহ পাঁচজন রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের প্রত্যেকেই পদ ছাড়ার পেছনে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।
পদত্যাগ করা অন্যরা হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মামুন চৌধুরী ও সুলতানা আক্তার রুবি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।
মামুন চৌধুরী জানান, ব্যক্তিগত অসুবিধার কারণে দায়িত্ব পালন চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এ কারণে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সুলতানা আক্তার রুবিও ব্যক্তিগত কারণেই পদত্যাগের কথা জানিয়েছেন।
পদত্যাগ করা চার কর্মকর্তা মামুন, সুলতানা, রোহানী ও প্রোজ্জ্বল।সম্প্রতি গত ৩০ জুলাই আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেন। ওই সময় তার সঙ্গে আরও কয়েকজন আইন কর্মকর্তাও পদ ছাড়েন।
পরবর্তীতে ২০২৪ সালের ১৩ আগস্ট মুহাম্মদ আবদুল জব্বার ভুঞাকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়।
-এফএস