কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস সড়কের পাশের খাদে পড়ে ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ জন শিক্ষার্থী বার্ষিক ভ্রমণে বরিশাল থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে জিংলাতলী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে শিক্ষার্থীদের উদ্ধারে সহায়তা করেন। পরে খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
দুর্ঘটনায় আহত ২০ শিক্ষার্থীর মধ্যে গুরুতর অবস্থায় ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলেন যাওয়াত, ফেরদৌস, কৌশী, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা।
দুর্ঘটনার পর শিক্ষার্থীরা তাদের কক্সবাজার ভ্রমণ বাতিল করে বরিশালে ফিরে যান।
এসএফ