বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে মেয়েদের স্বল্প ও দীর্ঘমেয়াদি আর্চারি প্রশিক্ষণ প্রদানের বিষয়ে সোমবার বিকেলে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ধানমন্ডিস্থ শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মাধ্যমে নিজ নিজ সংগঠনের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। এ সময় উভয় সংগঠনের অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের মেয়াদ হবে তিন বছর। এই মেয়াদকালে ঢাকা ও তৃণমূল থেকে আগ্রহী মেয়েদের বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার মাধ্যমে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেবে আর্চারি ফেডারেশন। আর্চারি ফেডারেশন প্রশিক্ষক, খেলার উপকরণ ও সরঞ্জাম সরবরাহ করবে।
অংশগ্রহণকারী আর্চারদের মধ্য থেকে ফেডারেশন জাতীয় পর্যায়ে অথবা ফেডারেশনের পক্ষে খেলার জন্য প্রতিভাবান খেলোয়াড়দের বেছে নিতে পারবে।