১৯৮৫ সালের জানুয়ারিতে ওয়ানখেড়েতে বারোদার বিপক্ষে বোম্বের হয়ে ১২৩ বলে ২০০ রান করেছিলেন শাস্ত্রী। সেটি ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড। ২০১৬ সালে সেই রেকর্ডে ভাগ বসান ইংল্যান্ডের অ্যানিউরিন ডোনাল্ড। সমান ১২৩ বলে তিনি গ্ল্যামারগনের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডাবল সেঞ্চুরি করেন। তবে তার জন্য আন্তর্জাতিক ক্রিকেটের দরজাটা খুলল আরও ১০ বছর পর।
অবশ্য শাস্ত্রী-ডোনাল্ডের সেই রেকর্ড এখন আর অক্ষত নেই। প্রথম শ্রেণিতে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডে তাদের উপরে আছেন চারজন। ২০১৮ সালে আফগানিস্তানের শফিকুল্লাহ শিনওয়ারি মাত্র ৮৯ বলে করেন দ্বিশতক। সেটি এখনও প্রথম শ্রেণির সবচেয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরি। এ ছাড়া ২০২৪ সালে ইংল্যান্ডের লুইস কিম্বার ১১০ বল, ২০২৩-২৪ মৌসুমে ভারতের তন্ময় আগারওয়াল ১১৯ বলে দ্বিশতক করেন।
এদিকে, যে ডোনাল্ডের প্রসঙ্গ ধরে এই পরিসংখ্যানের আলোচনা, তিনি প্রথমবার ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে যুক্ত হওয়ার ঘটনা চমকপ্রদ। তবে ২৯ বছর বয়সী এই ব্যাটারের সাম্প্রতিক টি-টোয়েন্টি পারফরম্যান্সই তার জাতীয় দলে সুযোগ পাওয়ার আবেদন তৈরি করেছে।
চলতি মৌসুমে ভাইটালিটি ব্লাস্টে ১২ ম্যাচে ৪৮৯ রান করেছেন ডোনাল্ড। তার স্ট্রাইক রেট প্রায় ২৩০, ছক্কা মেরেছেন ৩৭টি। এ ছাড়া গত মৌসুমে তিনি ইয়র্কশায়ারের বিপক্ষে মাত্র ১৩ বলে ৫১ রান করেছিলেন। ফলে ২০১০ সালে ভাইটালিটি ব্লাস্টের ইতিহাসে দ্রুততম ফিফটি করা মার্কাস ট্রেসকোথিকের রেকর্ড স্পর্শ করেন ডোনাল্ড।
সবমিলিয়ে ১১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অ্যানিউরিন ডোনাল্ড। যেখানে ওয়েলসের এই ক্রিকেটার ১৭১ স্ট্রাইকরেটে ২৪২৩ রান করেছেন। এ ছাড়া প্রথম শ্রেণির ৭৫ এবং লিস্ট ‘এ’ ক্যাটাগরির ৫০ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এই ক্রিকেটারের। তবে ডোনাল্ডের ডাক পাওয়ার নেপথ্যে ভূমিকা রয়েছে ওয়েলসে জন্ম নেওয়া আরেক ক্রিকেটার ফিল সল্টের ইনজুরি। ডানহাতি এই বিধ্বংসী ওপেনার এখন মাঠের বাইরে আছেন।
অন্যদিকে, কাউন্টি ক্রিকেটে দারুণ কীর্তি গড়ে আলোচনায় ছিলেন সাসেক্সের পেসার হেনরি ক্রোকোম্বে। ৮ দিনের ব্যবধানে তিনি দু’বার হ্যাটট্রিক করেছেন। তারই স্বীকৃতি হিসেবে প্রথমবার সাদা বলের সিরিজ খেলতে জাতীয় দলে ডাক পেলেন তিনি। ক্রোকেম্বেকে ডাকা হয়েছে অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য।
সাদা বলের দুই ফরম্যাটের সিরিজেই ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। ভারতের বিপক্ষে এই মৌসুমে সাদা বলের সিরিজে ঊরুর ইনজুরির কারণে বাদ পড়া জেমি ওভারটন দলে ফিরেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ইংল্যান্ড তিনটি টি-টোয়েন্টি খেলবে। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
এসএ