ফ্রেডি আদুর দুই দশক পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর তারকা কাভান সুলিভান। মাত্র ১৬ বছর বয়সে এমএলএসে সর্বোচ্চ গোল অবদানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার।
রোববার ভোরে সিএফ মন্ট্রিয়লকে ২-০ গোলে পরাজিত করেছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। ম্যাচের ৭৫তম মিনিটে বাঁ পায়ের নিখুঁত শটে দলের দ্বিতীয় গোলটি করেন কাভান।
এই গোলের সুবাদে চলতি বছর এমএলএসে (মেজর লিগ সকারে) কাভানের মোট গোল অবদান দাঁড়াল ১১টিতে। ১৬ বছর বয়সী কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে এটি এমএলএসের ইতিহাসে সর্বোচ্চ।
এর মাধ্যমে ২০০৫ সালে আদুর গড়া ১০ গোল অবদানের রেকর্ড পেছনে ফেললেন কাভান। একই সঙ্গে টানা পাঁচ ম্যাচে গোল বা অ্যাসিস্ট করে এমএলএসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবেও অনন্য রেকর্ড গড়লেন এই মিডফিল্ডার।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচে সাতটি গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন কাভান। এমএলএসের পাশাপাশি লিগস কাপ ও কনকাকাফ চ্যাম্পিয়নস কাপেও মাঠে নেমেছেন তিনি।
মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচের ৫৭তম মিনিটে ফিলাডেলফিয়াকে প্রথম গোলটি এনে দেন মিডফিল্ডার ড্যানলি জ্যাঁ জ্যাক। চলতি মৌসুমে এটি তার তৃতীয় গোল। এরপর ৬৮তম মিনিটে মন্ট্রিয়লের সামনে সমতা ফেরানোর সুযোগ এলেও প্রিন্স ওসুওর নেওয়া পেনাল্টি শট ঠেকিয়ে দেন ফিলাডেলফিয়ার গোলকিপার আন্দ্রে ব্লেক। শেষ পর্যন্ত ৭৫ মিনিটে কাভানের গোল ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে।
এই জয়ে টানা আট ম্যাচ অপরাজিত রইল ফিলাডেলফিয়া ইউনিয়ন। ২৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তারা ইস্টার্ন কনফারেন্স টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে।
এসএফ