মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনের গভীরে হামহাম জলপ্রপাতসংলগ্ন সিতাব জলধারা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে যৌথ উদ্ধারকারী দল।
বৃহস্পতিবার বিকেলে কয়েকজন মাছ শিকারি মোকাম টিলাসংলগ্ন সিতাব জলধারায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয় প্রশাসনকে খবর দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ তালুকদারের তত্ত্বাবধানে কমলগঞ্জ থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও বন বিভাগের সদস্যরা রাতে উদ্ধার অভিযান শুরু করেন।
দুর্গম পাহাড়ি পথ ও ঘন বনাঞ্চলের কারণে দীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করে উদ্ধার অভিযান চালাতে হয়। স্থানীয়দের সহযোগিতায় কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে মরদেহটি উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসা হয়।
উদ্ধারকারী সূত্র জানায়, মরদেহটি বেশ কয়েক দিন আগের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর। তবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয়দের ধারণা, পাহাড়ি ঢল ও পানির প্রবল স্রোতে মরদেহটি উজান থেকে ভেসে আসতে পারে।
কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন বলেন, ‘মরদেহটি থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনানুগ প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
উদ্ধার অভিযানে ইউএনও সন্দীপ তালুকদার, ওসি কমর উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। স্থানীয়ভাবে সহযোগিতা করেন চাম্পারায় চা-বাগানের ব্যবস্থাপক রাহেল রানা, ইউপি সদস্য সজয় কিশোর যাদবসহ স্থানীয় বাসিন্দারা।
এসএস/আরএন