পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটাগামী একটি ডাবল ডেকার স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৩ জন পর্যটক আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ২০-২৫ জন পর্যটক নিয়ে কুয়াকাটার উদ্দেশে রওনা দেয় আইকনিক পরিবহনের বাসটি। সকালে খলিলপুর এলাকায় পৌঁছালে কোনো একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনার পর বাসে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করা হয়।
আহত ১৩ জনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা ছিলেন। তারা কুয়াকাটা ভ্রমণের জন্য বাসটি রিজার্ভ করেছিলেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় কেউ নিহত হননি। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাসটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এফএস