কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও একজনকে। নিখোঁজ রয়েছেন দুই পর্যটক।
বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোলেমান জানান, কয়েকজন পর্যটক সাগরে গোসল করতে নেমে ভাটার স্রোতে ভেসে যান। স্থানীয়রা চারজনকে উদ্ধার করেন। তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিখোঁজ দুই পর্যটককে উদ্ধারে লাইফগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছেন।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের মরদেহ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। নিখোঁজ পর্যটকদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এসএস