নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাতটি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলার পলাতক ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শীর্ষ সন্ত্রাসী সবুজ ওরফে কালাই সবুজ এবং তার সহযোগী এজাজুল হককে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
বুধবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সবুজ ওরফে কালাই সবুজ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাইয়ের ছেলে। তার সহযোগী এজাজুল হক উপজেলার ভুলতা ইউনিয়নের মৃত শাহাদাতের ছেলে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ২০১১ সালের ৫ নভেম্বর রূপগঞ্জের মাছিমপুরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করায় জালালউদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ওই মামলায় ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর সবুজ ওরফে কালাই সবুজকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশের দাবি, সবুজ দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষকে অপহরণ করে জিম্মি করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার ডেমরার কোনাপাড়া এলাকা থেকে তাকে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সবুজ ওরফে কালাই সবুজের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় সাতটি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থেকে সে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
আটক সবুজ ওরফে কালাই সবুজের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী এজাজুল হককে রূপগঞ্জের রূপসী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এজাজুল রূপগঞ্জ থানার একাধিক মামলার তালিকাভুক্ত আসামি।
গ্রেপ্তার দুজনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এসএম/আরএন