প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সিদ্ধান্ত তাঁর নিজের এখতিয়ারের বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে তিনি তারেক রহমানকে ‘অত্যন্ত বুদ্ধিমান ও জনবান্ধব’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে পৃথক সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে উভয় পক্ষের উদ্দেশ্য জনকল্যাণমুখী হলে ইতিবাচক ফলাফল আসবে বলে তিনি আশাবাদী।
এ সময় বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে দুই দেশের সংসদ সদস্যরা এ গ্রুপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় করতে পারেন। এতে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে এবং ‘পিপল-টু-পিপল’ যোগাযোগ বজায় থাকবে।
জাতীয় সংসদ ভবনের প্রশংসা করে দীনেশ ত্রিবেদী বলেন, ‘টেম্পল অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিত সংসদ ভবনে এসে তিনি আনন্দিত ও সম্মানিত বোধ করছেন। সংসদ ভবনের স্থাপত্য ও প্রাকৃতিক পরিবেশের প্রশংসা করে তিনি বলেন, এটি একটি অত্যন্ত সুন্দর ও অনন্য স্থাপত্য। সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন সংসদে ঘটে বলেও মন্তব্য করেন তিনি।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের প্রশংসা করে দীনেশ ত্রিবেদী তাঁকে অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেন এবং খেলোয়াড় হিসেবেও তাঁর ভূমিকার প্রশংসা করেন।
এ ছাড়া বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানান তিনি। বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও সংসদীয় কার্যক্রম আধুনিকায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এসএফ