জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যা মামলায় জামিন পেয়েছেন সাবেক চিফ হুইপ ও আওয়ামী লীগ নেতা আ স ম ফিরোজ।
রোববার (৩০ আগস্ট) দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ তার জামিনের আদেশ দেন।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার এলাকায় সোহাগ মিয়া নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আ স ম ফিরোজকে গ্রেপ্তার দেখানো হয়। ২০২৪ সালের ২৩ আগস্ট রাজধানীর বনানী থানার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভাটারা থানার ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে সোহাগ মিয়া নিহত হন। এ ঘটনায় তাঁর বাবা শাফায়েত হোসেন ২০ আগস্ট ভাটারা থানায় হত্যা মামলা করেন।
আ স ম ফিরোজ ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এফএস