ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, অনুমোদন হলে বৃহস্পতিবার প্রজ্ঞাপন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৪:০৪ পিএম আপডেট: ২৮.০৮.২০২৬ ৪:০৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেল অনুমোদনের জন্য আগামী সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হতে পারে। ওইদিন মন্ত্রিসভায় অনুমোদন পেলে আগামী বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এর মধ্যেই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন আগামী সপ্তাহের মধ্যেই জারি হতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় কাজ ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।

ওই কর্মকর্তা জানান, আগামী সোমবারের মন্ত্রিসভা বৈঠকের এজেন্ডায় নতুন বেতন কাঠামো অন্তর্ভুক্ত করে অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি চলছে। তবে চূড়ান্ত খসড়ায় বেতন-ভাতা কত শতাংশ বাড়ানো হচ্ছে, সে বিষয়ে অর্থ বিভাগের কর্মকর্তারা বিস্তারিত জানাতে রাজি হননি।

এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেলের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় তা ঘোষণা হতে পারে।

এ ছাড়া গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন ঘোষণার বিষয়ে কাজ চলছে। কাজ শেষ হলে তা শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে বলেও তিনি জানিয়েছিলেন।

সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির সুপারিশ


সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ দিতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে জানা গেছে, প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি। প্রস্তাবিত বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।

সুপারিশ অনুযায়ী, প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

পে-স্কেলে বরাদ্দ ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা


সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে গৃহীত কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকেও নতুন পে-স্কেলের বিষয়টি তুলে ধরা হয়েছে।

ই-বুকে ‘নবম পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর’ শিরোনামে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে সরকারি কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তবে নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন নির্ধারণ করা হচ্ছে এবং বেতন-ভাতা বৃদ্ধির চূড়ান্ত হার কী হবে, তা মন্ত্রিসভার অনুমোদন ও প্রজ্ঞাপন জারির আগে নিশ্চিতভাবে জানা যাচ্ছে না।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝