চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া এলাকায় বাসের ধাক্কায় অরুন দাশ (৫৯) নামের এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) সকাল আটটার দিকে বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত অরুণ দাশ বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ এলাকার বালুছড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম সতীশ দাশ এবং মায়ের নাম নিয়তি বালা দাশ।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বলেন, বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের সামনে রাস্তা পারাপারের সময় ৩ নম্বর বাস সামনে থেকে এসে অরুন দাশকে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। সকাল সাড়ে আটটার দিকে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসএফ