জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে ইসরাত জাহান (৩৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একই ফ্ল্যাটের অন্য একটি কক্ষে আটকা থাকা তার দুই শিশুসন্তানকে জীবিত উদ্ধার করা হয়। শিশু দুজন জানালা দিয়ে বাইরে থাকা লোকজনের কাছে পানি চাইলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। ঘটনার পর থেকে নিহতের স্বামী কাউসার আহম্মেদ পলাতক রয়েছেন।
রোববার (২৩ আগস্ট) সকালে শহরের শেখের ভিটা রেলক্রসিং সংলগ্ন বাবুল মিয়ার ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নিহত ইসরাত জাহান জেলা শহরের পাথালিয়া এলাকার বাসিন্দা। তার স্বামী কাউসার আহম্মেদ শাওনের বাড়ি বকশীগঞ্জ উপজেলায়।
স্থানীয়রা জানান, সকালে ওই ফ্ল্যাটের মূল দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান তারা। এ সময় ফ্ল্যাটের একটি কক্ষে থাকা দুই শিশু জানালা দিয়ে বাইরে থাকা লোকজনের কাছে পানি চাইছিল। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানান।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাইরে থেকে লাগানো তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে। এ সময় একটি কক্ষ থেকে দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়। একই ফ্ল্যাটের অন্য একটি কক্ষে ইসরাত জাহানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ।
স্থানীয়দের ধারণা, দুই শিশু গতকাল থেকে ওই কক্ষে আটকা ছিল।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর জানা যাবে।
এসএ