দুর্বল মার্কিন ডলার এবং মার্কিন ট্রেজারির বন্ড বাইব্যাকের সিদ্ধান্তের প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এর মধ্য দিয়ে টানা তৃতীয় সপ্তাহের মতো মূল্যবান ধাতুটির দাম বাড়ার পথে রয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১টা ৫২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৬২ দশমিক ৮৬ ডলারে দাঁড়ায়। এটি গত ২৯ মে’র পর স্বর্ণের সর্বোচ্চ দাম। চলতি সপ্তাহে এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ।
এদিকে মার্কিন গোল্ড ফিউচারসের দামও ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬২০ ডলারে পৌঁছেছে।
গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান রয়টার্সকে বলেন, ডলারের দুর্বলতার কারণে শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও বাড়ছে। একই সঙ্গে বন্ডের আয়ে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে।
অন্যান্য মূল্যবান ধাতুর দামও এদিন বেড়েছে। রুপার দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৯ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৮৭৫ দশমিক ৭৫ ডলার। আর প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩৫৬ দশমিক ৫৯ ডলারে উঠেছে।
দেশের বাজারে স্বর্ণের দাম
দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের গহনার দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।