যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমানবাহিনীর একটি প্রত্যন্ত ঘাঁটির কাছে বিমান দুর্ঘটনায় আট আরোহীর সবাই নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরের পরপরই কেপ নিউনহ্যামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। সেখানে একটি দূরপাল্লার রাডার সাইটের বিমানবন্দর রয়েছে।
মার্কিন বিমানবাহিনীর আলাস্কান কমান্ড জানিয়েছে, বিমানটি অ্যাংকরেজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে আকাশপথে প্রায় ৪৫০ মাইল পশ্চিমে অবস্থিত কেপ নিউনহ্যামের দিকে যাচ্ছিল।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানিয়েছেন, বিমানটিতে দুজন পাইলট ও ছয়জন যাত্রী ছিলেন।
তবে নিহতদের পরিচয় এবং তারা কোথায় যাচ্ছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। মার্কিন বিমানবাহিনীর আলাস্কান কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস বলেন, নিহতরা ছিলেন ‘নিবেদিতপ্রাণ পেশাদার কর্মী, যারা একটি প্রতিকূল পরিবেশে গুরুত্বপূর্ণ মিশন পালন করছিলেন’।
তিনি বলেন, ‘এটি আমাদের সামরিক পরিবার এবং আমরা যে কমিউনিটিগুলোর সেবা করি, তাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। এই কঠিন সময়ে তাদের পরিবার, বন্ধুবান্ধব এবং সতীর্থদের অবিচল সমর্থন প্রদান করাই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
রবার্ট ডেভিস অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যদের দ্রুত ও অক্লান্ত সাড়াদানের জন্য কৃতজ্ঞতা জানান।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। নিহতদের নিকটাত্মীয়দের অবহিত করার পর তাদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছে মার্কিন বিমানবাহিনীর আলাস্কান কমান্ড।