বাংলাদেশ ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু হয়েছে। আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদপুরের আদাবরস্থ স্থায়ী ক্যাম্পাসে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার বি. জে. মোঃ মাহবুবুল হক (অব.)।
এ সময় উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইকোনমিক্সের ডিন প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব আর্টস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ল-এর ডিন অধ্যাপক মো. হুমায়ুন কবির, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মো. সাদিক ইকবাল, সোসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. এম. এম. এনামুল আজিজ, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল কালাম আজাদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আবু ইছা গাজী, ইইই বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ খালিদ হোসেন, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান শেখ ইতমাম সউদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
ভর্তি মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য জানার পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন সুযোগ-সুবিধা সরেজমিনে ঘুরে দেখার সুযোগ পাবেন। একই সঙ্গে মেলা চলাকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও জ্যেষ্ঠ অধ্যাপকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় ও যুগোপযোগী শিক্ষার বিষয়ে দিকনির্দেশনা নিতে পারবেন।
মেলা উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের সুযোগ। এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে বিভিন্ন বিভাগে ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত কোর্স ফি মওকুফ করা হবে। এর পাশাপাশি মেলায় ভর্তি হলে অতিরিক্ত ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভর্তি মেলা। আগামী ২১ আগস্ট (শুক্রবার) মেলা শেষ হবে।
-টিএস