ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
‎৯ শ্রমিকের মৃত্যুর পর ফেরদৌস স্টিলের কার্যক্রম বন্ধ ঘোষণা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:০০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজের ভয়াবহ গ্যাসে বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যুর পর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডের (বিএসআরবি) মহাপরিচালক এএসএম শফিউল আলম তালুকদার এ সিদ্ধান্ত ঘোষণা করেন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের সব কার্যক্রম স্থগিত থাকবে।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেলার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সভাপতি মো. মহসিন বলেন, ‎ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে, তা খুবই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এই ঘটনাকে কেন্দ্র করে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি হচ্ছে বিএসবিআরএ অন্যটি হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। তদন্ত কমিটির অনুসন্ধানে বেরিয়ে আসবে দুর্ঘটনার মূল কারণ। যদি শিপইয়ার্ড কর্তৃপক্ষের দোষ থাকে, অবশ্যই তাদেরকে জরিমানা ও শাস্তির আওতায় আনা হবে। বিএসআরবি’র সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিপইয়ার্ডটি পুরোপুরি বন্ধ থাকবে।

এর আগে শুক্রবার সকাল ৯টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সমুদ্র উপকূলে  শিপইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজের ভেতরে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে ৯ শ্রমিক নিহত হয়।
‎দুর্ঘটনাকবলিত ‘এমটি রাসি’ (দৈর্ঘ্য ২৮০ মিটার ও প্রস্থ ৪৩ মিটার) জাহাজটি গত বছরের জুলাইতে চট্টগ্রামে নোঙর করে এবং ১৩ জুলাই ভাঙার জন্য ইয়ার্ডে আনা হয়।

এদিকে জাহাজটিতে স্বাভাবিক মাত্রার তুলনায় অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি পেয়েছে বিস্ফোরক অধিদপ্তর। এ কারণেই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়।

শনিবার সকালে দুর্ঘটনাকবলিত শিপ ইয়ার্ড পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন শিল্প সচিব আব্দুন নাসের খান।

শিল্প সচিব বলেন, শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে ১১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯ সদস্যের তদন্ত কমিটি এবং বিএসবিআর এর পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার আগে ও পরে কী ঘটেছিল, এর সঙ্গে কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতি ছিল কি না-তা বিস্তারিতভাবে খতিয়ে দেখতে কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পরিদর্শনকালে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মাসুদ আলম, বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক এস এম সাখাওয়াত হোসেন, বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সভাপতি মোহাম্মদ মহসিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুর্ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও নিহত শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে সীতাকুণ্ড থানা পুলিশ।

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝