অক্টোবরে দেশে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নবনির্মিত ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অর্থের অভাবে দেশের কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না। দেশের চিকিৎসাব্যবস্থা এমনভাবে গড়ে তোলা হবে, যাতে উন্নত চিকিৎসার জন্য মানুষকে বিদেশে যেতে না হয়।
এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী হাসপাতালের নবনির্মিত ১৫ তলা ভবনের উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরে মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দেশে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করতে হাসপাতালটিতে নতুন করে ৫০০ শয্যা যুক্ত হয়েছে। এর ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে।
সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।
২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। রোগীর চাপ বাড়তে থাকায় পরে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার নবনির্মিত ১৫ তলা ভবনের মাধ্যমে আরও ৫০০ শয্যা যুক্ত হলো। ফলে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ল।
-টিএস