সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ১৫ আগস্ট। এ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মসজিদে ও দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে দলের নেতা-কর্মী ও সমর্থকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে গত বছরের ৩০ ডিসেম্বর মারা যান বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যুর পর তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে জানান, চিকিৎসাধীন অবস্থায় দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থার উন্নতির আশা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি আর সুস্থ হয়ে ফিরতে পারেননি।
মৃত্যুর সময় খালেদা জিয়ার পাশে ছিলেন তার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথিসহ পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার কিডনি, ফুসফুস, হৃদ্যন্ত্র ও চোখেও দীর্ঘস্থায়ী সমস্যা ছিল।
হার্ট ও ফুসফুসে সংক্রমণ শনাক্ত হওয়ার পর গত বছরের ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারকি করে।
শারীরিক অবস্থা বিবেচনায় একপর্যায়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
খালেদা জিয়া বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী এবং বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন।
-টিএস