চট্টগ্রাম বন্দরের স্থানীয় জলসীমায় মোটর ট্যাংকার ‘সি স্পাইক’ ও বাল্ক ক্যারিয়ার ‘সান শাইন’-এর মধ্যে সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, স্থানীয় জলসীমায় দুই জাহাজের মধ্যে সংঘর্ষের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন্দর কর্তৃপক্ষের পোর্ট টাগবোট। পাশাপাশি নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরাও উদ্ধার ও সহায়তা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।
তবে সংঘর্ষে এখন পর্যন্ত কোনো হতাহত হয়েছে কি না কিংবা জাহাজ দুটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। সংঘর্ষের বিস্তারিত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
-টিএস