রাজশাহীর বাগমারায় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় মেরাজুল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নরদাশ পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেরাজুল ইসলাম ওই এলাকার মজাফর হোসেনের ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মেরাজুল বাড়ির পাশের রাস্তায় খেলছিল। এ সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর ভ্যানচালক দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
নিহত শিশুর বাবা মজাফর হোসেন অভিযোগ করে বলেন, ভ্যানের নিয়ন্ত্রণহীন গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। অবৈধ ব্যাটারিচালিত ভ্যানের কারণে রাস্তায় চলাচল কঠিন হয়ে পড়েছে। রাস্তার পাশে বাড়ি হওয়ায় সন্তানদের নিয়ে সবসময় আতঙ্কে থাকতে হতো। ছেলে হারিয়ে তিনি শোকে মূর্ছা যান।
হাটগাঙ্গপাড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় বাগমারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এএইচ/আরএন