বিদেশি বিশ্ববিদ্যালয় ও ভর্তি প্ল্যাটফর্মে আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট কিংবা প্রিপেইড কার্ড ব্যবহার করে ফি পরিশোধ করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা।
সোমবার (১০ আগস্ট) জারি করা এক প্রজ্ঞাপনে এ বিষয়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানায়, সাম্প্রতিক সময়ে বিদেশি বিশ্ববিদ্যালয় ও অনলাইন ভর্তি প্ল্যাটফর্মে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে টিউশন ফি ও আনুষঙ্গিক ব্যয় পরিশোধের চাহিদা দ্রুত বাড়ছে। এ চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় মেটাতে আন্তর্জাতিক কার্ড ইস্যু করার অনুমতি দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বড় একটি সুবিধা হলো, এ ধরনের লেনদেনকে ব্যাংকের প্রচলিত বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার সীমার বাইরে রাখা হয়েছে। অর্থাৎ, শিক্ষা খাতে পরিশোধ করা অর্থ আন্তর্জাতিক ভ্রমণের জন্য নির্ধারিত সাধারণ ডলার কোটায় কোনো প্রভাব ফেলবে না।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়, এই কার্ড সরাসরি শিক্ষার্থীর নামে অথবা তার শিক্ষার যাবতীয় ব্যয়ভার বহনকারী অভিভাবক বা ব্যক্তির নামে ইস্যু করা যাবে। তবে কার্ডের অপব্যবহার রোধে ব্যাংকগুলোকে কঠোর নিয়ন্ত্রক আনুষ্ঠানিকতা মেনে চলতে বলা হয়েছে। ইস্যু করা কার্ড দিয়ে নির্ধারিত সময়সীমার মধ্যে শুধু শিক্ষা-সংক্রান্ত অনুমোদিত ব্যয় পরিশোধ করা হচ্ছে কি না, তা নিশ্চিত করার দায়িত্ব ব্যাংকগুলোর ওপর ন্যস্ত করা হয়েছে।
পাশাপাশি প্রতিটি লেনদেনের রেকর্ড সঠিকভাবে সংরক্ষণ এবং নির্দিষ্ট পারপাস কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকে নিয়মিত তথ্য বা প্রতিবেদন জমা দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আরএন