ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
৩১ দফার প্রতিশ্রুতি রক্ষা না করাই কি জুলাই সনদ পালনের নমুনা: মঞ্জু
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:৪৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের কথা বলা হলেও বিএনপির ঘোষিত ৩১ দফার প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আপনাদের ঘোষিত ৩১ দফার প্রতিশ্রুতি রক্ষা না করাই কি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের নমুনা?’

শনিবার (৮ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত ‘রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান ও জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখার প্রথম দফা পাঠ করে শোনান। এতে প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি পরিহারের কথা বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হবিগঞ্জে সন্ত্রাসী হামলায় কিশোর ছাত্র আলিফের চোখ উৎপাটনের অভিযোগ এবং ঢাকা আলিয়া মাদ্রাসায় হামলার সময় জানালার কাচ ভাঙচুরের প্রসঙ্গ তুলে মঞ্জু বলেন, সামান্য রাজনৈতিক সমালোচনার বিরুদ্ধে যারা এতটা আগ্রাসী মনোভাব পোষণ করেন, তাদের কথার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

সরকারি দলের নেতাদের নিজেদের ঘোষিত ৩১ দফা বারবার পড়ার পাশাপাশি সপ্তাহে অন্তত একবার জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান তিনি।

মঞ্জু বলেন, ‘ক্ষমতায় যে-ই বসে, সে-ই অতীতের প্রতিশ্রুতি ভুলে যায়। এ কারণেই আমরা সবাই মিলে একটি সনদ তৈরি করতে চেয়েছিলাম, যাতে ক্ষমতায় যে-ই যাবে, তাকে সেটি রক্ষা করতে বাধ্য করা যায়।’ তবে জুলাই সনদের মৌলিক বিষয়গুলোতে বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ায় জটিলতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শাসনামলের কথা স্মরণ করে মঞ্জু বলেন, ওই সময়ে জুলুম-নিপীড়নের মাধ্যমে সব রাজনৈতিক দলকে দুর্বল করে দেওয়া হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হলে দুই মাসের মধ্যে বিএনপিকে নিষিদ্ধ করা হতে পারত বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আব্দুল কাদের এবং নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা ইজহারসহ অনেকে।

টিআইএস



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝