বগুড়ার ফাঁপোর ইউনিয়নের এ জায়গাটিতে প্রস্তাবিত শিল্পপার্ক গড়ে তোলার কথা রয়েছে।
শনিবার বাণিজ্যমন্ত্রী বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এ তথ্য দেন পাশাপাশি জায়গাটি ঘুরে দেখেছেন বলে বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বগুড়ায় প্রায় ৪০০ একর জমির ওপর নতুন শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা করছে সরকার। সামনের শীতেই এর কাজ শুরুর উদ্যোগ নেওয়ার তথ্য দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বগুড়ায় দেশের শিল্প ও অর্থনৈতিক বিকাশের ‘অন্যতম গুরুত্বপূর্ণ হাব’ হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রাখে দাবি করে আব্দুল মুক্তাদির বলেন, “বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য বগুড়া আগামী দিনে গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে শিল্পায়নের প্রয়োজনীয় অবকাঠামো ও সহায়ক পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।”
তিনি বলেন, বগুড়ার বিদ্যমান বিসিক শিল্পনগরী ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য নতুন শিল্প স্থাপনের ব্যাপক চাহিদা রয়েছে। এ চাহিদা বিবেচনায় প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।
টিআইএস