‘যান্ত্রিক ত্রুটির’ কবলে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। কানাডার টরন্টো থেকে ছেড়ে এসে যান্ত্রিক ত্রুটির কারণে ইতালিতে জরুরি অবতরণ করে এই উড়োজাহাজটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের যাত্রীদের অভিযোগ, কেবল কানাডা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীদের জন্য বিমানের পক্ষ থেকে ‘আবাসনের ব্যবস্থা করা হয়েছে’। বাকি যাত্রীরা ‘প্রিমা ভিস্তা’ নামের একটি লাউঞ্জেই অবস্থান করছেন। সেখানে কেউ কেউ অসুস্থ বোধ করার কথাও বলেছেন।
বিমান কর্তৃপক্ষ বলছে, কারিগরি ত্রুটি সমাধানের জন্য দুই সদস্যের প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ বিমানের বিজি-৩০৫ ফ্লাইটে রোমে পাঠানো হচ্ছে।
আড়াইশর বেশি যাত্রী নিয়ে উড়োজাহাজটি স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।
আট ঘণ্টা উড়ার পর যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে সেটি রোমের স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
ফিউমিচিনো বিমানবন্দরে আটকে পড়া যাত্রীরা তাদের ভোগান্তির কথা জানাচ্ছেন সোশাল মিডিয়ায় ভিডিও বার্তায়।
একটি ভিডিওতে লাউঞ্জে ভোগান্তির শিকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. আবু সাঈদ বলেন, “আমরা গত শুক্রবার টরন্টো থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা দিই। কিন্তু, বিমানটি সেদিন টরন্টো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে এবং পরেরদিন সকাল সাড়ে ৭টায় রোমের বিমানবন্দরে যাত্রা বিরতি করে। এরপর বিভিন্ন ত্রুটির কথা বলে আমাদের ৮ ঘণ্টা বিমানের ভেতর অপেক্ষা করায়।
“বিমানে অনেক বয়স্ক মানুষ, শিশু ও অসুস্থ ব্যক্তি ছিল। তারা অনেকেই অসুস্থ হয়ে পড়েন। আমরাও শারীরিকভাবে অসুস্থ বোধ করি। এরপর বিমানের কর্মকর্তারা বাংলাদেশে কথা বলে আমাদের এয়ারপোর্টে আসার সুযোগ দেয়।”
তবে ওই ফ্লাইটের ১৭০ জনের মত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা এয়ারপোর্ট ছেড়ে হোটেলে যেতে পারেনি।
“পরে রাত ১১টা নাগাদ বিমানের একজন কর্মকর্তা এসে ব্যবস্থা করার পর, আমরা সবাই লাউঞ্জের মেঝেতে বা চেয়ারে শুয়ে-বসে নির্ঘুম সময় কাটিয়েছি। বাংলাদেশি পাসপোর্ট থাকার জন্য আমাদের ভোগান্তি পোহাতে হল।”
লাউঞ্জে অবস্থান নেওয়া ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা মো. রোকন উর রহমান বলেন, “প্রবীণদের যারা ডায়াবেটিস, প্রেশারের মতো রোগে আক্রান্ত, তারা খুবই বিপদে আছে। ঘণ্টার পর ঘণ্টা আমরা এখানে দুর্ভোগের মধ্যে আছি। দুই ঘণ্টা আগে ব্রেকফাস্ট দেওয়ার কথা থাকলেও এখনো দেয়নি। আসলে বিমানের সার্ভিস আরও উন্নত করা দরকার। এভাবে লাউঞ্জে বসে থাকা সবার জন্য খুবই টাফ।”
এদিকে, শনিবার দুপুরে এক বার্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলেছে, রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে থেকে পরিচালিত বিজি ৩০৬ এবং বিজি ৩০৭ ফ্লাইটের নির্ধারিত উড়োজাহাজটি (S2-AJY) বর্তমানে ‘গ্রাউন্ডেড’ অবস্থায় রয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, রোমের উদ্দেশ প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ বিমানের বিজি-৩০৫ ফ্লাইটি শনিবার ১টা ৫৩ মিনিটে ঢাকা থেকে ছেড়ে গেছে। ফ্লাইটটি রোমের স্থানীয় সময় রোববার ৬টা ৫০ মিনিটে রোমে পৌঁছানোর কথা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী কারিগরি ত্রুটি সমাধান সম্পন্ন হলে গ্রাউন্ডেড ফ্লাইটটি শনিবার রোমের স্থানীয় সময় রাত ১০টায় রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং রোববার সকাল প্রায় সাড়ে ১০টায় ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
টিআইএস