গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক দম্পতি নিহত হয়েছেন।
শনিবার বিকালে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ইজ্জতপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্বামী-স্ত্রীর ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয় বলে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন জানান।
নিহত দুজন হলেন আল আমিন (৩২) ও তার স্ত্রী রিনা আক্তার (৩০)। তারা দুজনই তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। রিনার বাড়ি শ্রীপুরের বরমি ইউনিয়নে।
রিনার স্বজনরা বলেন, রিনা ও আল-আমিন চার বছর আগে পরিবারের অমতে বিয়ে করেন। দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে। পরিবার তাদের সম্পর্কের বিষয়টি মেনে নেয়নি। তারা শ্রীপুর পৌরসভায় ভাংনাহাটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
তাদের মধ্যে নানা বিষয়ে প্রায়ই কলহ হত। এর জেরে দুজনে আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্বজনদের ধারণা।
এসআই ফারুক হোসেন বলেন, এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
টিআইএস