ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চিকিৎসাসেবায় রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্বে বিঘ্ন না ঘটায়: প্রধানমন্ত্রী
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:৩৪ পিএম আপডেট: ০৮.০৮.২০২৬ ৪:০১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চিকিৎসাসেবায় রাজনৈতিক সম্পৃক্ততা যেন চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সব কাজকেই প্রভাবিত করে। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীরা নিজ নিজ মতাদর্শ অনুযায়ী রাজনৈতিকভাবে সচেতন বা সংগঠিত থাকবেন—এটি অযৌক্তিক নয়।

তিনি বলেন, “তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটিই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এ ব্যাপারে এখানে উপস্থিত ড্যাবের সকল চিকিৎসককে আমি সতর্ক থাকার আহ্বান জানাব।”

প্রধানমন্ত্রী বলেন, প্রথাগত রাজনীতির বাইরে এসে রাজনীতির গুণগত পরিবর্তন এখন সময়ের একটি কঠিন দাবি। বিশেষ করে ৫ আগস্টের পর থেকে দেশের প্রতিটি সেক্টরে এ পরিবর্তনের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে।

সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করতে হবে

স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর শয্যা সংখ্যা ১০১টিতে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত স্বাস্থ্য কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, “আমি দৃঢ়ভাবে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, চিকিৎসকরা যদি সেবার মানসিকতা নিয়ে নিজেদের নিবেদিত না রাখেন, তাহলে অবকাঠামোগত উন্নয়ন দিয়ে আমাদের সফলতা আসবে না।”

চিকিৎসকদের দায়িত্ব পালনে নানা সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব সীমাবদ্ধতার মধ্যেও কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত অবহেলা বা দায়িত্ব পালনে শিথিলতা সরকারের সামগ্রিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে। একই সঙ্গে চিকিৎসক ও চিকিৎসাব্যবস্থা সম্পর্কে মানুষের মধ্যে অনাস্থা তৈরি করে।

“এ ক্ষেত্রে দেশের মানুষ চিকিৎসকদের কাছ থেকে আরও দায়িত্বশীল ও মানবিক ভূমিকা প্রত্যাশা করে,” বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “আসুন আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসাবান্ধব বাংলাদেশ গড়ে তুলি, যেখানে দেশের প্রতিটি মানুষ সম্মত স্বাস্থ্যসেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না।”

‘দাবিগুলো অযৌক্তিক নয়’

বিশেষ ব্যবস্থায় চিকিৎসক নিয়োগ, চিকিৎসকদের বয়সসীমা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন প্রণয়নসহ চিকিৎসকদের বিভিন্ন দাবির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের অবস্থান থেকে চিন্তা করলে এসব দাবি অযৌক্তিক নয়।

তবে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময় দেশের সার্বিক পরিস্থিতিও বিবেচনায় নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান সরকার যখন দায়িত্বভার গ্রহণ করেছে, আমরা একটি ভঙ্গুর রাষ্ট্র পেয়েছি বলা যায়। আমরা পেয়েছি একটি দুর্বল অর্থনীতি, বিভাজিত প্রশাসন, ভঙ্গুর শিক্ষা ও ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা। সেই অবস্থা থেকে সরকার চেষ্টা করছে সমগ্র দেশকে সফলভাবে দাঁড় করাতে।”

‘ফ্যাসিবাদের সুবিধাভোগীরা বসে নেই’

দেশের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় ফ্যাসিবাদের সুবিধাভোগীরা এখনো সক্রিয় রয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “রাষ্ট্র, রাজনৈতিক শাসন ও প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা কিন্তু বসে নেই। সাম্প্রতিক সময়ে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়। তারা বিভিন্নভাবে বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে।”

তবে বিদ্যুৎ ও গ্যাস নিয়ে মানুষের দুর্ভোগের বিষয়টি সরকার অস্বীকার করছে না জানিয়ে তিনি বলেন, অতীতে জ্বালানি খাতে অপরিকল্পিত পরিকল্পনা ও নির্দিষ্ট মহলকে সুবিধা দেওয়ার জন্য নেওয়া বিভিন্ন নীতির খেসারত এখন দেশ ও দেশের মানুষকে দিতে হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। জ্বালানি খাতকে সংকট থেকে বের করে আনতে অপরিকল্পিত প্রকল্পগুলো পুনর্বিবেচনা এবং বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানিসহ প্রতিটি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করতে সরকার বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের কাজ শুরু করেছে।

স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ও চিকিৎসাব্যবস্থাকে আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ করতে সরকার প্রথমবারের মতো স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছে।

তবে শুধু সরকারের উদ্যোগে এ লক্ষ্য অর্জন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, উপজেলা থেকে জেলা পর্যায় পর্যন্ত সরকারি-বেসরকারি সব চিকিৎসককে এগিয়ে আসতে হবে।

“আপনাদের সহযোগিতা, সমর্থন ও সাহায্য ছাড়া অবশ্যই সরকারের পক্ষে এগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে না,” বলেন প্রধানমন্ত্রী।

বৃক্ষরোপণ ও জাতীয় পতাকা উত্তোলন

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশ শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান এলডি হল প্রাঙ্গণে দুটি বৃক্ষরোপণ করেন। পরে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এরপর প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান কবুতর ও বেলুন উড়িয়ে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন।

সমাবেশে ‘বাংলাদেশের স্বাস্থ্য খাত: সংকট থেকে সমাধান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মোস্তফা আদিব সুমন। ‘জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার উত্থান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সাইফ মোহাম্মদ।

ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এসএম জিয়াউদ্দিন হায়দার এবং ড্যাবের মহাসচিব জহিরুল ইসলাম শাকিল বক্তব্য দেন।

জেবি/এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝