বোমা হামলার আশঙ্কায় দেশের সব জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।
শুক্রবার (৭ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সারা দেশে বোমা হামলার আশঙ্কার কথা জানা গেছে। এ পরিস্থিতিতে প্রতিটি জেলায় রাতের টহল, মোবাইল ডিউটি ও চেকপোস্টে নিয়োজিত পুলিশ সদস্যদের অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
দায়িত্ব পালনকালে যেকোনো ধরনের অপ্রীতিকর বা সন্দেহজনক ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
ইতোমধ্যে বেতার বার্তার মাধ্যমে সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন ইউনিটের প্রধানদেরও মেসেজের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।