টরন্টো থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নির্ধারিত জ্বালানি নেওয়ার বিরতির সময় যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৬ ঘণ্টা ধরে আটকে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ফ্লাইটটির ২৫৬ জন যাত্রী।
জানা গেছে, বিজি৩০৬ ফ্লাইটটি স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পরে জ্বালানি নেওয়ার জন্য শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।
অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং সেটি মেরামতের প্রয়োজন রয়েছে। যাত্রীদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর সাড়ে ১টা পর্যন্ত উড়োজাহাজটি বিমানবন্দরের রানওয়েতেই অবস্থান করছিল।
তবে কখন নাগাদ ফ্লাইটটি আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে, সে বিষয়ে যাত্রীদের নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি। দীর্ঘ সময় অপেক্ষায় থাকায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি দেখা দিয়েছে।
আরএন