রাজস্ব আহরণ কার্যক্রম আরও গতিশীল করা এবং মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা ও উৎসাহ বাড়াতে দ্বিতীয়বারের মতো রাজস্ব সম্মেলনের আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১৮ আগস্ট রাজধানীতে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে এনবিআর। স্থান নির্বাচন, নিরাপত্তা, সাজসজ্জা, অতিথি আপ্যায়ন, অভ্যর্থনা এবং অতিথি তালিকা প্রণয়নসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় ছয়টি উপ-কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সার্বিক সমন্বয় ও তদারকির জন্য ৩১ সদস্যের একটি কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটিও গঠন করা হয়েছে।
স্টিয়ারিং কমিটির সভাপতি করা হয়েছে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মহিদুল হাসান।
এনবিআর সূত্র জানায়, সম্মেলনের মূল লক্ষ্য রাজস্ব আদায় কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করা এবং মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি করা। এ ছাড়া রাজস্ব প্রশাসনের আধুনিকায়ন, চলমান সংস্কার উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হবে সম্মেলনে। এ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এনবিআরের নতুন চেয়ারম্যান।
সম্মেলনে প্রায় ১ হাজার ৫০০ অতিথির অংশ নেওয়ার কথা রয়েছে। আমন্ত্রিতদের মধ্যে থাকবেন অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, অর্থনীতি, রাজস্ব ও বাণিজ্য খাতের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিশেষজ্ঞ এবং বিভিন্ন অংশীজন।
উল্লেখ্য, কর ও কাস্টমস ক্যাডারের দাবির পরিপ্রেক্ষিতে ২০২৩ সালে প্রথমবারের মতো রাজস্ব সম্মেলনের আয়োজন করা হয়। ওই সম্মেলনে ভ্যাট, শুল্ক ও আয়করবিষয়ক সেমিনার, তথ্য বুথ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং রাজস্ব ব্যবস্থার ইতিহাস তুলে ধরতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
-টিএস