নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গণিপুর এলাকার চান মিয়া বাড়ির চাপরাশিয়া সড়কের পাশে একটি মাছের প্রজেক্টের পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা বেগমগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহটি তিন থেকে চার দিন পানিতে থাকায় হাত-পা ও শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এমআর/আরএন