পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলের সোয়াত উপত্যকায় একটি পুলিশ স্টেশনের বাইরে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৭ জন নিহত এবং এক ডজনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মনোরম সোয়াত উপত্যকার কাবাল শহরে একদল স্থানীয় যুবক থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। এ সময় আচমকা এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।
শহরের পুলিশ প্রধান মোহাম্মদ ওমর সাংবাদিকদের জানান, দুর্ঘটনাস্থল থেকে একটি খণ্ডিত মাথা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অনুমান, এটি হামলাকারী আত্মঘাতী বোমারুর হতে পারে।
তবে হামলার ধরন ও নেপথ্যের কারণ নিশ্চিত হতে পুলিশ ইতিমধ্যেই বিস্তারিত তদন্ত শুরু করেছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টিআইএস