সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৫ হাজার ফলদ ও কাঠজাতীয় গাছের চারা বিতরণ করা হয়েছে। চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কোনাবাড়ী ইসাহাক উচ্চ বিদ্যালয়, জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়, জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা এবং সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছেন। এরই অংশ হিসেবে চলতি বছর কামারখন্দ উপজেলায় অর্ধলক্ষাধিক গাছের চারা বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই কর্মসূচির ধারাবাহিকতায় প্রথম ধাপে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান, সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
-টিএস