প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, দীর্ঘ কয়েক দশকের আন্দোলন-সংগ্রামে যারা আহত ও নিহত হয়েছেন, তাদের অবদান রাষ্ট্র কখনও ভুলে যাবে না। সরকার পর্যায়ক্রমে সবাইকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে এবং তাদের পাশে সহায়তার হাত বাড়ানো হবে। তবে এ জন্য কিছুটা ধৈর্য ধরতে হবে।
তিনি বলেন, ‘আমরা এমন একটি সময় থেকে বেরিয়ে এসেছি, যখন আন্দোলনের সময় কেউ নিরাপত্তা পেত, আবার কেউ পেত না। কিন্তু আজকের বাংলাদেশে সবাই নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে। আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়তে কাজ করছি।
রোববার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সালেহ শিবলী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাসে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন, আহত হয়েছেন, পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেছেন। বিশেষ করে আন্দোলনে নিহত ও আহত সাংবাদিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, ‘প্রত্যেক ত্যাগের মূল্যায়ন একদিনে সম্ভব নয়। কিন্তু রাষ্ট্র ধীরে ধীরে সবার অবদান মূল্যায়ন করবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, দীর্ঘদিনের আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছেন, পর্যায়ক্রমে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে।
প্রেসসচিব বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, অর্থনৈতিক চাপ এবং বিগত সরকারের রেখে যাওয়া নানা সংকট একসঙ্গে সামাল দিতে হচ্ছে। এসব কারণে অনেক কাজ বাস্তবায়নে সময় লাগছে।
তিনি আরও বলেন, ‘আপনারা গত ১৫ বছরে যেসব নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, সেই বাস্তবতা থেকে দেশকে বের করে আনতে সরকার কাজ করছে। তাই নতুন সরকারকে কিছুটা সময় দিন। ইতোমধ্যে আপনারা পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেছেন।
সালেহ শিবলী বলেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পুনর্গঠনের সংগ্রাম অব্যাহত থাকবে। নিরাপদ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিক, আলোকচিত্রীসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, ডিইউজের সহসভাপতি রাশেদুল হক, বিপিজেএর সহসভাপতি মশিউর রহমান সুমন, অর্থ সম্পাদক নাসিম শিকদার, দপ্তর সম্পাদক ফরিদ আহমেদসহ আলোকচিত্রী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জেবি/টিআইএস