রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ দুটি পরিত্যক্ত বস্তু উদ্ধারের ঘটনায় শনিবার সকালে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, উদ্ধার হওয়া কোনো বস্তুতেই বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান পাওয়া যায়নি।
ডিএমপি জানায়, খবর পাওয়ার পর সংশ্লিষ্ট থানা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি সন্দেহজনক ব্যাগে বোমা থাকার তথ্য পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানে যায়। এক্স-রে পরীক্ষায় ব্যাগের ভেতরে কৌটাসদৃশ একটি বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। পরে নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে ব্যাগটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।
পরবর্তী পরীক্ষায় দেখা যায়, ব্যাগের ভেতরে ছিল জর্দার একটি কৌটা ও পান। এতে কোনো বিস্ফোরক বা ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি।
অন্যদিকে, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত বস্তাকে ঘিরেও বোমা সন্দেহ তৈরি হয়। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করে বস্তাটি পরীক্ষা করে। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, এর ভেতরেও কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু ছিল না।
ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় সতর্ক রয়েছে। একই সঙ্গে গুজব বা যাচাইহীন তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়ে সন্দেহজনক কোনো বস্তু দেখলে দ্রুত পুলিশকে অবহিত করতে নাগরিকদের অনুরোধ করা হয়েছে।
আরএন