মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম. এ. খান বেলাল। বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
এর আগে এম. এ. খান বেলাল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সম্রাট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান এবং ট্রেড, ইন্ডাস্ট্রি, শিপিং, ব্যাংকিংসহ বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
ব্যবসার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। তিনি নোয়াখালী জেলা সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের এই প্রতিষ্ঠিত ব্যবসায়ী চিকিৎসা, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন।
নিজের জন্মস্থান নোয়াখালীর বেগমগঞ্জে এম. এ. খান বেলাল বেশ কয়েকটি স্কুল, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্যও তিনি পরিচিত।