ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সিলেটে কঠোর নিরাপত্তা, ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১০:৩৭ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই দিনব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে প্রশাসন। বৃহস্পতিবার ও শুক্রবার (৩০ ও ৩১ জুলাই) জেলার পাঁচটি উপজেলায় দলটির এই কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখতে পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে।

দলীয় সূত্র ও প্রশাসন থেকে জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার সিলেটের কানাইঘাট, ওসমানীনগর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় এনসিপির এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এর বাইরে গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির কেন্দ্রীয় নেতারা। যেহেতু কর্মসূচির বড় একটি অংশ সীমান্তবর্তী উপজেলাগুলোতে এবং কিছু কিছু ক্ষেত্রে সন্ধ্যার পর অনুষ্ঠিত হবে, তাই সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকেই মূলত এই বাড়তি নিরাপত্তার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন জানান, মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ও শুক্রবারের কর্মসূচিতে নিরাপত্তার জন্য বিজিবি মোতায়েনের আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে।

নিরাপত্তা প্রস্তুতির বিষয়ে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার জানান, এনসিপির কর্মসূচি থাকা উপজেলাগুলোতে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পর্যাপ্ত সদস্য দায়িত্ব পালন করবেন। সীমান্তবর্তী এলাকা ও সান্ধ্যকালীন কর্মসূচির বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশের সঙ্গে পাঁচ প্লাটুন বিজিবি মাঠে নামানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে, দুই দিনের কর্মসূচির বিস্তারিত সূচি জানিয়েছেন এনসিপির সিলেট মহানগরের আহ্বায়ক আইনজীবী আব্দুর রহমান আফজল। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলায় শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এরপর একই দিন বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে পদযাত্রা করবেন নেতা-কর্মীরা। পরদিন শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সবশেষ সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর উপজেলায় পর্যায়ক্রমে দলটির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এসএ 


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝