রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল করেছে সরকার। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া লাইসেন্স প্রায় দেড় মাস পর শর্তসাপেক্ষে ফিরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে হাসপাতালটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতিও দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করলে বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়। গত ১৫ জুলাই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
তবে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর বিধান যথাযথভাবে অনুসরণ করা এবং লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স দ্রুত নিয়োগ সম্পন্ন করা।
এ ছাড়া ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত হলে সরকার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আরএন