বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে আরও দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের জুলাইয়ে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান নেমে এসেছে ৯৭তম স্থানে। বছরের শুরুতে জানুয়ারি সংস্করণে দেশের অবস্থান ছিল ৯৫তম। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও।
লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স গত ২১ জুলাই সর্বশেষ পাসপোর্ট সূচক প্রকাশ করে। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি সম্ভাব্য গন্তব্য বিশ্লেষণ করে এ সূচক তৈরি করা হয়। কোনো দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই কিংবা অন-অ্যারাইভাল ভিসা সুবিধায় কতটি দেশে প্রবেশ করতে পারেন, সেটিই সূচকের মূল ভিত্তি।
সর্বশেষ সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৩৫টি দেশে ভিসামুক্ত, অন-অ্যারাইভাল ভিসা অথবা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ সুবিধায় ভ্রমণ করতে পারেন। জানুয়ারি ২০২৬ এবং ২০২৫ সালের সূচকে এ সংখ্যা ছিল ৩৭টি। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে বাংলাদেশি নাগরিকদের জন্য সহজ ভ্রমণের সুযোগ থাকা দুটি গন্তব্য কমেছে।
-টিএস