কাজী নজরুল ইসলামের গান, কবিতা ও ভাবনার মধ্য দিয়ে বর্ষার সৌন্দর্যকে ধারণ করে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক আয়োজন ‘গানে ও কথায় বর্ষায় নজরুল’।
শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে আনমনা প্রাঙ্গণের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নজরুলের বর্ষাবিষয়ক গান, কবিতা ও আলোচনা পরিবেশিত হয়। এতে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সভাপতি ও আনমনা প্রাঙ্গণের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হোসেন সজল। সঞ্চালনায় ছিলেন আনমনা প্রাঙ্গণের সাধারণ সম্পাদক তাহের মাহমুদ। আলোচনায় অংশ নেন সংস্কৃতিজন অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ, শিশির রহমান, জাহাঙ্গীর আলম ঢালী, মো. জুনায়েদ, শাহনাজ হীরা।
অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ, শিশির রহমান, জহিরুল ইসলাম, সালাউদ্দিন বাবুল, অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবু, বিউটি আক্তার, ইসরাত জাহান জয়া, শহিদুল ইসলাম মালেক, হীরা মনি। কবিতা আবৃত্তি করেন সুমন শেখ। বাঁশিতে সুর তোলেন তোফাজ্জল হোসেন শিহাব। তবলায় সঙ্গত করেন গোবিন্দ চন্দ্র মণ্ডল ও অসিত চক্রবর্তী।
অনুষ্ঠান জুড়ে নজরুলের সৃষ্টি ও বর্ষার সৌন্দর্যের মেলবন্ধনে উপস্থিত দর্শক-শ্রোতারা উপভোগ করেন এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা।
এমইউ/এসএ