বঙ্গভবনে অফিস করবেন এবং সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার বিকেল থেকেই এ ব্যবস্থা কার্যকর করা হয়।
এর আগে শুক্রবার স্বাস্থ্যগত কারণে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার সকাল সাড়ে ১১টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
পরে দুপুর সাড়ে ১২টায় তিনি শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদন করবেন।
- টিএস