রাজধানীর বাজারে বেড়েছে কাঁচামরিচসহ প্রায় সব ধরনের সবজির দাম। বাজারে পাওয়া প্রায় সবজির দাম ১০০ টাকা। ব্যবসায়ীদের দাবি, বৃষ্টির কারণে খেত থেকে মরিচ ও অন্যান্য সবজি সংগ্রহ করতে পারছেন না চাষীরা। বিশেষ করা কাঁচামরিচ পানিতে দ্রুত নষ্ট হয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে। ফলে নাকাল অবস্থায় পড়েছেন রাজধানীবাসী।
শনিবার রাজধানীর পূর্ব রামপুরার বউ বাজার, বাসাবো, খিলগাঁও বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে নতুন (কচি) কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি, আর পুরোনো (বুড়ো) কাঁচামরিচের দাম উঠেছে ৩২০ টাকা কেজিতে। ব্যবসায়ীরা জানান, মাত্র তিন দিন আগেও নতুন কাঁচামরিচের দাম ছিল ২৪০ টাকা কেজি। আর এক সপ্তাহ আগে একই মরিচ বিক্রি হয়েছে ১২০ টাকা কেজিতে। টানা বৃষ্টির কারণে অল্প সময়ের ব্যবধানে মরিচের দাম কয়েক গুণ বেড়েছে বলে তাদের দাবি।
কাঁচামরিচের পাশাপাশি সবজির বাজারেও ঊর্ধ্বমুখী দাম। বর্তমানে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা, ধুন্দল ১০০ টাকা, করলা ১২০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, পটল ৬০ টাকা, শসা ৮০ টাকা, টমেটো ১২০ টাকা, শিম ৩২০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা এবং পেঁপে ৪০ টাকায়। এ ছাড়া, মিষ্টি কুমড়া প্রতিটি ৬০ টাকা, চালকুমড়া ৭০ টাকা, লাউ ৮০ টাকা এবং কাঁচাকলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
বাসাবো বাজারের সবজি বিক্রেতা রফিক মিয়া বলেন, মরিচের খেতে পানি। টানা বৃষ্টির কারণে ফসল ডুবেচ গেছে। অনেক ফসল পচে গেছে। যা আছে, তা নিয়েই সংকট তৈরি হয়েছে। অনেক মরিচের খেতও নষ্ট হয়ে গেছে, ফলে দাম এত বেশি। তবে আবহাওয়া স্বাভাবিক হলে কিছুদিন পর আবার দাম কমে আসবে।
রামপুরা বাজারের মো. খালেক বলেন, এক সপ্তাহ আগেও আমরা ১২০ টাকা কেজি দরে মরিচ বিক্রি করেছি। তারও কয়েক দিন আগে বিক্রি করেছি ৮০ টাকা কেজিতে। দুই-তিন দিন আগে দাম হয়েছিল ২৪০ টাকা, আর আজ বিক্রি করতে হচ্ছে ৩২০ টাকা কেজি। টানা বৃষ্টির কারণে শুধু মরিচ নয়, সবজির বাজারেও একই অবস্থা।
খিলগাঁও বাজারের ক্রেতা তালুকদার ফরুক বলেন, গত দুই-তিন দিনে মরিচের বাজারের চেহারা বদলে গেছে। কয়েকদিন আগেই মরিচ কিনেছে ২০০ টাকা কেজি হিসেবে। আজ এসে শুনি ৩২০ টাকা দাম। এটা তো ডাকাতি।
এসইউ/এসএ